ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

তানোর ও আত্রাইয়ে গবাদিপশুর পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:11 pm

সোনালী ডেস্ক: তানোর ও আত্রাইয়ে বৃহস্পতিবার বিনামূল্যে গবাদি পশুর পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

তানোর প্রতিনিধি জানান, তানোরে ছাগল ভেড়ার ভাইরাস জনিত প্রাণঘাতী পিপিআর রোগ ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প এর অধীনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলীর সভাপতিত্বে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বশাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী ও বিভিন্ন দপ্তর প্রধানসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধ ও নির্মূলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় আগের টিকাদান কর্মসূচিতে বাদ পড়া ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেয়া হচ্ছে। চতুর্থ ধাপের এ কর্মসূচিতে উপজেলার প্রায় এক লাখ ছাগল-ভেড়াকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

সোনালী/জগদীশ রবিদাস