ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

শিরোনাম

জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের

  • আপডেট: Monday, September 21, 2026 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।

সোমবার বিকেল সাড়ে ৪টার পর নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, জনস্বার্থবিরোধী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, তরবিয়ত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ ও যুব বিভাগের সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি এবং কাশিয়াডাঙ্গা থানা আমির ফরিদ উদ্দিনসহ মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেবল একটি পণ্যের দাম বাড়ানো নয়; এর সঙ্গে পরিবহন, কৃষি, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির প্রতিটি খাতের ব্যয় সরাসরি সম্পৃক্ত। ফলে এর সরাসরি বিরূপ প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে। বর্তমান পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধি জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে এবং পরিবহন ব্যয়ের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়িয়ে দেবে।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষ পর্যাপ্ত সেবা পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে তীব্র বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কলকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। সরকারের দুর্নীতির কারণেই দেশের অর্থনীতি আজ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এ সময় অবিলম্বে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান তারা।