পবায় কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা চেয়ে ডিসিকে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার এয়ারপোর্ট থানাধীন দৌলতপুরে অবস্থিত ‘রহমান সীডস স্টোরেজ (প্রা.) লি:’-এ অবৈধ অনুপ্রবেশ, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, অফিস কক্ষ ভাঙচুর এবং প্রশাসনিক নির্ধারিত ভাড়া অমান্য করার হুমকির অভিযোগ উঠেছে একদল আলু ব্যবসায়ীর বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের নিরাপত্তায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও আবেদন জানিয়েছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ।
স্মারকলিপি ও প্রশাসনিক আবেদন সূত্রে জানা যায়, আলু সংরক্ষণ ও ডেলিভারি কার্যক্রম সরকার এবং কৃষি বিপণন নির্দেশিকা মেনে নির্ধারিত ভাড়ায় পরিচালিত হয়ে আসছে।
তবে অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে প্রবেশ করে ম্যানেজারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে নিজস্ব ইচ্ছামতো ভাড়া দিয়ে আলু ডেলিভারি নেয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়ে পরদিন গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছিল।

পূর্বের আবেদনের পরও সোমবার সকালে আবারও একই ধরনের একদল আলু ব্যবসায়ী স্টোরেজ অভ্যন্তরে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আবেদনের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা ২৬ মিনিটে কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর চালায় এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও আবেদনের বিবরণে জানা যায়। স্মারকলিপিতে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ উল্লেখ করে যে, কোনো ব্যবসায়ী বা ব্যক্তির সরকার নির্ধারিত নিয়ম বা ভাড়ার ওপর আপত্তি থাকলে তা যথাযথ প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ রয়েছে।
কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর কিংবা শারীরিক লাঞ্ছনা কোল্ড স্টোরেজ খাতসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অন্যান্য কোল্ড স্টোরেজগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
ঘটনার পর কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। আবেদনে সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিও চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণ যাচাই করে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করার জন্য থানা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনার আবেদন করা হয়। পাশাপাশি রহমান সীডস স্টোরেজের কর্মী, সম্পদ ও প্রতিষ্ঠানের সার্বিক সুরক্ষায় পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত এবং ভবিষ্যৎ নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











