রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। এতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. গোলাম সাদিক সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সিরাজুজ্জামান (সুজা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি-১ অধ্যাপক ড. রেজাউল করিম-২, সহ-সভাপতি-২ অধ্যাপক ড. আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান, যুগ্ম-সম্পাদক ড. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স), প্রচার সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান মন্ডল এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. আব্দুল মান্নান।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে ২১ জন অধ্যাপক ও শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদায়ী কমিটির সভাপতি ড. আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আমীরুল ইসলামের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ফোরামের সাধারণ সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।











