ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে হারানো ৫৬টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন থানায় জিডি হওয়া হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রযুক্তিগত উপায়ে উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

রোববার বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মামুন অর রশিদ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ৮টি থানায় বিভিন্ন সময় সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ব্র্যান্ডের (ভিভো, স্যামসাং, শাওমি, রিয়েলমি, আইটেল ইত্যাদি) মোট ৫৬টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ফোন হস্তান্তরকালে পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, প্রকৃত মালিকদের হাতে তাদের প্রিয় ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে জেলা পুলিশের এই প্রযুক্তিগত সাফল্য আগামীতে আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হারানো ফোন ফেরত পেয়ে সাধারণ নাগরিকেরা জেলা পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

সোনালী/জগদীশ রবিদাস