ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:০৮ পূর্বাহ্ন

নগরীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারীকে জরিমানা

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরির অপরাধে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া বেকারী’ নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে রোববার দুপুর ১২টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানটি কোনো ধরনের মানসনদ না নিয়েই সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ও নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি করে আসছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই রাজশাহী।