ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার: র‌্যাব-৫ অধিনায়ক

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ তৎপরতা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। ইতিমধ্যে নিখোঁজ ১৬৪টি সরকারি অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হলেও এখনো ১৬টি অস্ত্র ও বিপুল গোলাবারুদের সন্ধান মেলেনি। এসব অস্ত্র ও গুলি উদ্ধারে সুনির্দিষ্ট তথ্য দিলে সরকার ঘোষিত পুরস্কার প্রদানের পাশাপাশি র‌্যাব-৫ এর পক্ষ থেকেও বিশেষ পুরস্কারের ঘোষণাও দিয়েছে সংস্থাটি।

বুধবার বেলা ১১টায় রাজশাহীতে র‌্যাব-৫ সদর দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাওয়া ১৬৪টি সরকারি অস্ত্রের মধ্যে ১৪৮টি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার হয়নি ১৬টি অস্ত্র। এর মধ্যে রয়েছে দুটি চায়না রাইফেল, পাঁচটি চায়না পিস্তল, ছয়টি ১২ বোর শর্টগান ও তিনটি গ্যাসগান।

র‌্যাব-৫-এর তথ্যমতে, তাদের আওতাধীন এলাকাগুলোতে ১৬৪টি অস্ত্র হারিয়েছিল। এর মধ্যে র‌্যাব ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ইতিমধ্যে ১৪৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মোট হারানো অস্ত্রের ৯০.২৪ শতাংশ। বর্তমানে উদ্ধার বাকী রয়েছে মাত্র ১৬টি অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো- চায়না রাইফেল ২০টি, চায়না এসএমজি-টি ৫৬ ৫টি, চায়না পিস্তল ৫৬টি, পিস্তল ২০টি, এসএমজি/এসএমটি ১টি, ১২ বোর শটগান ৩৭টি ও গ্যাসগান ১১টি উদ্ধার করা হযেছে।

তবে পরিসংখ্যানে দেখা যায়, র‌্যাব-৫ এর আওতাধীন এলাকায় ৫ হাজার ৩৫২টি বিভিন্ন ধরণের গুলি ও টিয়ার সেল খোয়া যায়। এর মধ্যে এখন পর্যন্ত ৫৫৪টি উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ৪ হাজার ৭৯৮টি উদ্ধার বাকী রয়েছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে রয়েছে ২৩৬টি রাইফেলের গুলি, পিস্তুলের গুলি ১টি, শর্টগানের কার্তুজ (রাবার) ১৮২টি, শটগান কার্তুজ (লিডবল) ৭৪টি, টিয়ার গ্যাসসেল (লং রেঞ্জ) ১টি, টিয়ার গ্যাসসেল (শর্ট রেঞ্জ) ২৩টি, সফট কাইনেটিক প্রজেক্টাইল ৩৬টি এবং কালার স্মোক গ্রেনেড ১টি । তবে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড এবং পিস্তলের গুলির ক্ষেত্রে উদ্ধার বাকি রয়েছে শতভাগ।

অন্যদিকে ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে অদ্যবধি ২৮টি লুণ্ঠিত অস্ত্র, ১৭টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩২৪ রাউন্ড গোলাবারুদ ও ৭টি রাউন্ড খোসা উদ্ধার করেছে র‌্যাব। এসব উদ্ধার অভিযানসমূহ মূলত রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা, বোয়ালিয়া মডেল থানা, দামকুড়া থানা, পুঠিয়া থানা, রাজাপাড়া এলাকা এবং জয়পুরহাট সদর থানা এলাকায় পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, হারিয়ে যাওয়া এসব অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ এসব অস্ত্রের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এ সময় হারানো সরকারি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের বিষয়টি তুলে ধরে র‌্যাব-৫ অধিনায়ক জানান, একটি রাইফেল, এসএমজি বা স্নাইপার উদ্ধারে তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার দেয়া হবে। অন্যদিকে শর্টগান, পিস্তল ও গ্যাসগানের তথ্যের জন্য পুরস্কার ৫০ হাজার টাকা। এছাড়া প্রতিটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যে দেড় হাজার টাকা এবং প্রতি রাউন্ড গোলাবারুদের তথ্যে ৫০ টাকা করে পুরস্কারের বিধান রয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, হারিয়ে যাওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ অপরাধীদের হাতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তাই এগুলো দ্রুত উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হচ্ছে। মতবিনিময় সভায় র‌্যাব-৫ অধিনায়ক আরও জানান, সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি মাদক, চোরাচালান এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব অভিযান আরও জোরদার করা হবে। সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।