ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় আটক ৫ বাংলাদেশিকে ৯ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:20 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় পাট কিনে নৌকা নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ আটক করে ৫ জন বাংলাদেশিকে গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত ৯ দিন আতবাহিত হলেও তাদের ফেরত দেয়নি।

এদিকে আটককৃতদের স্বজনেরা জানতে পেরেছেন তাদের ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ফিরে না আসায় পরিবারের লোকজনও হতাশার মধ্যে পড়েছেন।

এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে বৈঠক শেষে আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার বিষয়ে আশ্বস্ত করেছেন।

জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুল বশত: ভারতীয় সীমানায় চলে য়ায় রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিন জন পাট ব্যবসায়ী।

এসময়  ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকেলে পতাকা  বৈঠক করেন বিজিবি ও বিএসএফ।

বৈঠক শেষে জানানো হয় তাদের ফেরত দেয়া হবে না। সরকারি ভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে। আটক ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি  জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও  সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।

বিএসএফ হাতে আটক মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, এমপি ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে কথা বলেছেন। দুই/এক দিনের মধ্যে তারা ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছেন। এদিকে আটক আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক ৫ জনকে ভারতের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ বলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে কথা হয়েছে। তাদের  জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছেন।