ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১২:০৮ পূর্বাহ্ন

সিডিএমএস ও এনআইডির গোপন তথ্য পাচার, রাজশাহীতে গ্রেপ্তার ১

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্যভান্ডারে বেআইনিভাবে প্রবেশ করে গোপন তথ্য সংগ্রহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার ভোর ৫টার দিকে মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকার বড় দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর সিপিএসসি ও জয়পুরহাটের সিপিসি-৩-এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সেতু হোসেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এনআইডি, বিভিন্ন মোবাইল সিমের নিবন্ধনসংক্রান্ত তথ্য, বিকাশ-নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের তথ্য, সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএস-সংক্রান্ত তথ্য অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন।

অভিযানে তার কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত ৬টি সিপিইউ, ৪টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসায় সেতু ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

তবে এসব অভিযোগের আইনগত বিচার আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।