ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১২:৩৯ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ৯ দিনে প্রাণ গেল ৪ জনের

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া নারীর নাম আশা খাতুন (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের মুখপাত্র জানান, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

দৈনিক ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বরে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ছিলেন ৬৫ জন। এরপর ৮ সেপ্টেম্বর ৬৮ জন, ৯ সেপ্টেম্বর ৬৯ জন এবং ১০ ও ১১ সেপ্টেম্বর ৬৪ জন করে রোগী চিকিৎসাধীন ছিলেন। ১২ সেপ্টেম্বর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে, ১৩ সেপ্টেম্বর ৮০ জন এবং ১৪ সেপ্টেম্বর তা ৮২ জনে পৌঁছায়। সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন রোগীর সংখ্যা একলাফে বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে, যা গত ৭ সেপ্টেম্বরের তুলনায় ৩০ জন বেশি।

গেল নয় দিনে (৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর) রামেক হাসপাতালে মোট ১৬৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩২ জন। দৈনিক ভর্তির হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, গত ৭ সেপ্টেম্বর ১৭ জন, ৮ সেপ্টেম্বর ২৩ জন, ৯ সেপ্টেম্বর ২০ জন, ১০ সেপ্টেম্বর ২০ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১২ জন, ১৩ সেপ্টেম্বর ২১ জন, ১৪ সেপ্টেম্বর ২১ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, এই সময়ের মধ্যে ছাড়পত্রের পরিসংখ্যানে দেখা যায়, ৭ সেপ্টেম্বর ১৮ জন, ৮ সেপ্টেম্বর ২০ জন, ৯ সেপ্টেম্বর ১৮ জন, ১০ সেপ্টেম্বর ২৪ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ২ জন, ১৩ সেপ্টেম্বর ১৫ জন, ১৪ সেপ্টেম্বর ১৮ জন এবং ১৫ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় মাত্র ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, গত নয় দিনে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট চারজন রোগীর মৃত্যু হয়েছে এবং তাদের প্রত্যেকের মৃত্যুর কারণ ছিল ‘ডেঙ্গু শক সিন্ড্রোম’। মৃতদের মধ্যে পাবনার বেড়া এলাকার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় (২৬) গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভর্তি হয়ে একই দিন রাতে মারা যান। নাটোরের বনপাড়ার শিক্ষার্থী জিত সরকার (২২) ৮ সেপ্টেম্বর ভর্তি হয়ে পরদিন ৯ সেপ্টেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ব্যবসায়ী হৃদয় (২৪) ১৩ সেপ্টেম্বর ভর্তি হওয়ার পরদিন ১৪ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সার্বিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম সাংবাদিকদের জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে তিনজন ছাড়পত্র পেলেও বর্তমানে হাসপাতালে মোট ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।