ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১২:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলার রায় ৪ অক্টোবর

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: যুক্তিতর্ক শেষে রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যার মামলায় রায়ের দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার যুক্তিতর্ক শেষে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আগামী ৪ অক্টোবর এ হত্যা মামলার রায়ের দিন ধার্য করেন।

গেল ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। ৩১ আগস্ট আদালতে আসামী পরীক্ষা সম্পন্ন করা হয়। এর আগে পর্যায়ক্রমে আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতের বাবা মামলার বাদি তৎকালিন রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান, মা তাসমিন নাহার লুসি, বোন তাসমিন তাবাসুম লাবিবা, দুলাভাই ওবায়দুল্লা খোকন, গৃহকর্মী চুমকি খাতুন, পুলিশের টহলদলের এসআই শাহাদত হোসেন ও বাড়ির নিরাপত্তা কর্মী মেছের আলীসহ ২৮ জনের সাক্ষী। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মহানগর পিপি আলী আশরাফ মাসুম, অতিরিক্ত পিপি আদিব ইমাম ডালিম ও মাসুদ সর্দার। আসামি পক্ষে যুক্তিতর্কে অংশ নেন আইনজীবী সুশান্ত সরকার।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় গত ১৩ নভেম্বর নগরীর তেরখাদিয়া এলাকায় বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ১৬ বছর বয়সী নাবালক ছেলে তাওসিফ রহমান সুমনকে নিজ বাড়িতে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন ১৪ নভেম্বর নগরীর রাজপাড়া থানায় বিচারক আব্দুর রহমান নিজেই বাদী হয়ে লিমন মিয়াকে (৩৫) একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১৫ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ আসামি লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই ঘটনায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয়ায় ১৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দেয় আদালত।