ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় শিমুল হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হোসেন নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর একটি দল। গ্রেপ্তার ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের আফসার মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, শিমুল হোসেন হত্যা মামলার প্রাথমিক তদন্তে ইসলাম আলীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল এই আসামী। জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল হোসেন ও শমজান নামে দুই যুবককে চোর সন্দেহে আটক করে স্থানীয় একদল লোক। এ সময় তাদের মারধর করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শমজানকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিহত শিমুলের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-৫-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে ইসলাম আলী ঘটনার পর আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, সোমবার দুপুরে আসামীকে রাজশাহী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।