ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: মাদক, কিশোর অপরাধ, চুরি, ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণসহ সার্বিক অপরাধ দমনে চলমান কার্যক্রম আরও জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আরএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবীর। সভায় বিগত আগস্ট মাসের রাজশাহী মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধ, মামলা দায়ের, তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর অর্গগতি বিস্তারিত পর্যালোচনা করা হয়।

একইসঙ্গে মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় দ্য ফেডারেশন অব এনজিওস বাংলাদেশের প্রতিনিধি ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট ও ব্যানার তৈরির উদ্যোগের কথা জানান। পুলিশ কমিশনার মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এবং মাদকবিরোধী অভিযান আরও তীব্র করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে সময়মতো মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট প্রদান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন এবং উপ-পুলিশ কমিশনার খুরশেদ আলম, গোলাম রব্বানী শেখ, মাইনুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, আবুল কালাম সাহিদ, গাজীউর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া র‌্যাব, বিজিবি, পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফরেনসিক মেডিসিন বিভাগ, রাজশাহী সিটি করপোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এনজিও ফেডারেশন, দিনের আলো হিজড়া সংঘ এবং হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।