ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে: প্রতিমন্ত্রী পুতুল

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:19 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: “ফ্যাসিবাদকে মাথা তুলে আর দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে”—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

সোমবার নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।

এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, লালপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।