রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
স্টাফ রিপোর্টার: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে গত বুধবার সকালে নগরীতে বিশাল ‘জশনে জুলুশ’ (ধর্মীয় মিছিল) বের করা হয়। মিছিল থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।
সকাল পৌনে ১১টার দিকে জশনে জুলুশটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ এবং হামদ ও নাত পরিবেশন করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে বেলা ১১টার দিকে মিছিলটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ায় অংশ নেয়। সেখানে বক্তারা প্রিয় নবী (সা.)-এর প্রদর্শিত পথ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার তাগিদ দেন। মোনাজাত শেষে জশনে জুলুশটি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ অভিমুখে যাত্রা করে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীর এতিমখানা, হাসপাতাল ও কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন তিলাওয়াত ও হামদ-নাতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নগরীতে দোয়া মাহফিল:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাজশাহীর দড়িখরবোনা মধ্যপাড়া এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপশহর নিউমার্কেট সংলগ্ন এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার এবং রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবসংহতির আহ্বায়ক ফারুক আব্দুল্লাহ্ জীবন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বোয়ালিয়া (পশ্চিম) থানা শাখার সভাপতি মাসুদ রানা বাবু, রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার মো. জুয়েল হোসেন এবং ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ্জামান নয়ন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় যুব সংগতি রাজশাহী মহানগরের আহবায়ক ফারুক আব্দুল্লাহ্ জীবন। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।











