ঢাকা | অগাস্ট ২৭, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

চাঁপাইয়ে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৩

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:32 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে চালক রুমনকে হত্যা করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচদিন পর একটি আখখেত থেকে রুমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র, মোবাইল ফোন, স্যান্ডেল ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার একরামুল হকের ছেলে অটোরিকশা চালক রুমন অটোরিকশাসহ নিখোঁজ হন।

পরদিন তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে অসীম, রফিকুল ও উমর ফারুক নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের তিন দিনের রিমান্ডে নেয়া হয়।

এদিকে বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার পুঠিমারি বিলসংলগ্ন একটি আখখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমনের ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র (কাস্তে/কান্তা), রুমনের স্যান্ডেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, মূলতঃ অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই রুমনকে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।