ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

কাটাখালী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার কাটাখালী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পৌরসভার বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, দিনের পাশাপাশি রাতেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে মশার বংশবিস্তার স্থল চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে পৌরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হচ্ছে।

কাটাখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন করা হচ্ছে। শুধু দিনের বেলায় নয়, প্রয়োজন অনুযায়ী রাতেও আমাদের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করছেন। ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীর সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কাটাখালী পৌরসভার সচিব সিরাজুম মুনীর বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে ধারাবাহিক ভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দেয়া হচ্ছে। পৌরবাসীকে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের অনুরোধ করছি।”

পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে। জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগও নেয়া হচ্ছে।