ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে চীনের প্রতিনিধিদল

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের আমন্ত্রণে চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাবি ক্যাম্পাস সফর করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে এক দ্বি-পাক্ষিক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিনিধিদলের সদস্যরা।

মতবিনিময়কালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে চীনে বাংলা ভাষা চর্চা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত করা, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় কর্মসূচি চালু করা, রাবিতে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতার উন্নয়ন এবং যৌথ গবেষণা প্রকল্প গ্রহণসহ নানাবিধ বিষয় উঠে আসে।

সফরকারী চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝাঙ ইয়ানমে, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক হুয়াঙ জিয়েঝং, শিক্ষা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক লি জিয়ানবো, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর উ লঙফেঙ এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি সহযোগী অধ্যাপক চেন ইনহঙ। সভা শেষে রাবি উপ-উপাচার্যদ্বয় সফররত প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।