ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১০

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরজুড়ে পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জন এবং মাদক কেনাবেচার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ও নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদক বিক্রির নগদ টাকা ও তাস জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কর্ণহার থানা পুলিশের একটি দল চকদর্শনপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনের বারান্দায় অভিযান চালায়। সেখানে জুয়া খেলা অবস্থায় লিমন হোসেন (২৮), মুরাদ আলী (৫৫), ইসরাফিল হোসেন (৪৪), আব্দুল বারিক (৬০), হেলাল আলী (৫০) ও সোহাগকে (২৮) আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৩৫৫ টাকা ও এক সেট তাস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বালিয়া এলাকার মিঠুর মোড়ে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ মর্জিনা বেগম ওরফে অঞ্জিলা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সাথে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এর বাইরে কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ, ১৩ পিস ইয়াবা, ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তুষার আলী (২৮), রাজু (৩০) ও আলিফ (১৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পূর্বের আরও তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, গত রোববার (২৩ আগস্ট) রাতে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ১৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০ টাকাসহ আকাশ ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালেই তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।