ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

বরেন্দ্র অঞ্চলের পরিবেশ রক্ষায় তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল রাজশাহীর জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ ও বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে ১০ লাখ ফলজ, বনজ ও ওষুধি গাছের বীজ রোপণের অংশ হিসেবে তানোরের তালন্দ গ্রামে ২ কিলোমিটার জুড়ে তাল বীজ রোপণ করা হয়।

মঙ্গলবার দুপুরে গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’, ‘গ্রিন কোয়ালিশন’ এবং তালন্দ আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় কৃষি পদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষি গবেষক ও গ্রিন কোয়ালিশন তানোরের আহ্বায়ক কৃষক নুর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে এ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্কুল ছুটির পর শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় কৃষক-কৃষাণী ও সমাজকর্মীরা মিলে তালন্দ গ্রামের দুই কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার তাল বীজ, ১ হাজার দেশি বড়ই বীজ, ৫০০ নিম বীজ, ১০০ তেঁতুল বীজ, ২০০ দেশি খেজুর বীজ, ১৫০ কাঁঠালের বীজ এবং প্রায় ৪০০ জামের বীজ রোপণ করেন।