ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মার চর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমাস্তবর্তী পদ্মা নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে দামকুড়া থানাধীন সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে দুষ্কৃতকারীদের একটি দল সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের চোরাচালান সম্পন্ন করার চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তজুড়ে কঠোর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কৌশলগত স্থানে আমবুশ পরিচালনা করে।

রাত আনুমানিক ৩টার দিকে সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ পদ্মার চরে দুজনকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। বিজিবির আভিযানিক দল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা সাথে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগ ফেলে রেখে নদী পেরিয়ে ভারতের সীমানার অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে একটি সিঙ্গেল শুটার পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহীর দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।