ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

মহিষের শিংয়ের আঘাতে সিটি হাটে পশু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উপকণ্ঠে ঐতিহ্যবাহী সিটি পশুর হাটে মহিষের শিংয়ের প্রাণঘাতী আঘাতে মাহমুদ তোতা (৪০) নামে এক পশু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত রোববার সন্ধ্যায় পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোতা বাগমারা উপজেলার গোবিন্দপুর এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

শাহ মখদুম থানার ওসি আকবর আলী জানান, হাটে বিক্রির জন্য একটি পাগলাটে স্বভাবের মহিষ রশি দিয়ে বাঁধা ছিল। হঠাৎ মহিষটি বাঁধন ছিঁড়ে তোতাকে লক্ষ্য করে সজোরে আক্রমণ করে এবং শিং দিয়ে তলপেটে ও অণ্ডকোষে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাটের ইজারাদার ও প্রত্যক্ষদর্শীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটের ইজারাদার আমিনুল ইসলাম জানান, ঘটনার পর মহিষটিকে ধরে কাবু করা না গেলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। নিহত ব্যবসায়ীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ রাতে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।