দর্শনা থেকে অপহৃত স্কুলছাত্র লক্ষ্মীপুরে উদ্ধার, গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী নাঈম উদ্দিনকে (১৪) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী মহানগরী থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। একই সঙ্গে অপহরণ ও মুক্তিপণ দাবির সাথে জড়িত চক্রের মূলহোতা সুমন খাঁন (৩৭) এবং তার সক্রিয় সহযোগী রুবেল শেখকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত ২২ আগস্ট বেলা ১১টার দিকে দর্শনার প্রতাপপুর (দক্ষিণ পাড়া) এলাকার মো. গাফফারের ছেলে নাঈম বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন ২৩ আগস্ট সকালে অজ্ঞাত অপহরণকারীরা নাঈমের হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো ছবি মোবাইলে পাঠিয়ে পরিবারের কাছে ১ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় দর্শনা থানায় মামলা হলে তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে র্যাব-৫-এর একটি দল অভিযান শুরু করে।
তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড়ের ‘হোটেল নূর’ আবাসিকে অভিযান চালিয়ে নাঈমকে উদ্ধার এবং চক্রের মূলহোতা সুমন খাঁনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে বোয়ালিয়া থানাধীন ‘স্বর্ণপালী’ আবাসিক এলাকায় অপর এক অভিযানে সহযোগী রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের চারঘাট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।











