রাজশাহী নগরীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার: বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়া পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরির অপরাধে রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের মানসনদ নবায়ন না করে পানির বোতলে লোগো ব্যবহার ও বিক্রির দায়ে ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গুণগত মানসনদ ছাড়াই চরম অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদনের প্রমাণ পাওয়ায় ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে একই অপরাধে জড়িত থাকলে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।











