ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের আহ্বান সেনাপ্রধানের

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:18 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর বীর ইউনিটগুলোর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আয়োজিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে আর্টডকের ভারপ্রাপ্ত জিওসি, বিআইআরসির কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার অভ্যর্থনা জানান।

সম্মেলনে সেনাপ্রধান ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

একই সঙ্গে বীর ইউনিটসমূহ পদাতিক বাহিনীর মূল চালিকাশক্তি হিসেবে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিআইআরসির অধিনায়ক ও সংশ্লিষ্ট এরিয়ার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস