উপড়ে পড়ল রাবির সুবিশাল কৃষ্ণচূড়া গাছ, স্মৃতিকাতর ক্যাম্পাস
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের প্রধান ফটকের সামনে দীর্ঘ কয়েক দশক ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যের স্মারক সুবিশাল কৃষ্ণচূড়া গাছটি উপড়ে ভেঙে পড়েছে।
গত রোববার রাতে হঠাৎ কোনো ঝড়-ঝঞ্ঝা ছাড়াই বিশাল কাণ্ডসহ গাছটি দুমড়ে-মুচড়ে মাটিতে পড়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকে রোপণ করা এই সুবিশাল গাছটি ক্যাম্পাসের প্রজন্মের পর প্রজন্ম শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে ছিল।
গাছটি ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো ক্যাম্পাসে স্মৃতিকাতুর পরিবেশের সৃষ্টি হয়।
সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সামাজিক মাধ্যমে তার প্রায় ৩৭ বছরের স্মৃতি স্মরণ করে গভীর মনখারাপের কথা ব্যক্ত করেছেন। বহু সাবেক ও বর্তমান শিক্ষার্থী প্রিয় গাছটিকে ঘিরে নিজেদের আবেগের স্মৃতি প্রকাশ করেছেন।
গাছটি ভেঙে পড়ার কারণ হিসেবে রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিনের পুরোনো হওয়ায় গাছটির শিকড় মাটির নিচে দুর্বল হয়ে পড়েছিল। কাণ্ডের তুলনায় ওপরে ডালপালার ভার বেশি হওয়া এবং ভেতর কাণ্ডে পোকা আক্রমণের চিহ্ন থাকার কারণেই এটি শেষ পর্যন্ত নিজের ভর সামলাতে না পেরে উপড়ে পড়েছে।











