ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগে চল্লিশ লাখ টাকার মাছ নিধন

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:09 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে চল্লিশ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে।

সোমবার সকালে ওই পুকুরের ছোট বড় সব ধরণের মাছ মরে ভেঁসে উঠতে থাকে।

দুপুরে ওই চেয়ারমানের গ্রামের বাড়ি শালগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি মিনি ভ্যানট্রাকে বিপুল পরিমাণ বড় বড় পাঙ্গাস মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রমিকরা।

তারা জানান, মাছগুলো মরে গন্ধ ছড়ানোর ফলে বাজারে কেউ এসব মাছ কিনতে চাচ্ছেন না। খুব কম দামেও ক্রেতা পাওয়া যাচ্ছেনা। ওই পুকুরে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর, দেশি ফলি প্রভৃতি মাছ মরে ভেঁসে উঠছে। তখনও শ্রমিকরা পুকুরে জাল টেনে মরা মাছগুলো তুলে আনছিলেন।

পুকুরের মালিক সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানালেন, তাদের বেশ কয়েকটি পুকুরে তিনি নিজেই দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। ওই পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনা এবং আরো দামি মাছের পোনা ছেড়েছিলেন। এ সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রি করার কথা ছিল। ভোর থেকে মাছগুলো মরে ভেঁসে উঠতে থাকে। পুকুরের তলদেশেও অনেক মাছ মরে পড়ে রয়েছে।

তিনি জানান, কেউ গ্যাস বড়ি প্রয়োগ করার ফলেই মাছগুলো মরছে। এতে তার চল্লিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। পুকুরের মাছ তোলা তদারকি করতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় কোন অভিযোগ করার সুযোগ পাননি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।