ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম

জিপিও’র ১৩ কর্মচারীকে অব্যাহতির প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও স্মারকলিপি

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে একতরফাভাবে কাজ থেকে বাদ দেয়ার প্রতিবাদে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত জেনারেল পোস্ট অফিসের (জিপিও) প্রধান ফটকের সামনে ‘বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে অমানবিক ও অবৈধভাবে কর্মচারীদের অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে ১৩টি পরিবার এক মুহূর্তে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা দাসত্ব নয়, শ্রমের সঠিক স্বীকৃতি এবং চাকরির ন্যূনতম নিশ্চয়তা চাই।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন এবং রেশম উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন তাসেনসহ স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে জিপিও প্রধানের কাছে একটি দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।