প্রতিষ্ঠার ১৩ বছর পর আইএবির শর্তহীন স্বীকৃতি পেল রুয়েটের স্থাপত্য বিভাগ
রুয়েট প্রতিনিধি: প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পর প্রথমবারের মতো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) অ্যাক্রেডিটেশন লাভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগ।
আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ডের সুপারিশক্রমে সংস্থাটির ২৬তম নির্বাহী পরিষদ রুয়েটের এই বিভাগকে আগামী ৫ বছরের জন্য শর্তহীন অ্যাক্রেডিটেশন প্রদান করেছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
গত ১৫ জুলাই রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে আইএবি। ২০১৩ সালে যাত্রা শুরু করা স্থাপত্য বিভাগের জন্য এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আইএবি সূত্রে জানা গেছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও চুয়েটের পর পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে রুয়েট এ স্বীকৃতি পেল। এর ফলে এই বিভাগ থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা পেশাগত স্থাপত্যচর্চার আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত হওয়ার পাশাপাশি আইএবির সরাসরি সদস্যপদ গ্রহণের সুযোগ পাবেন।











