ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম

করোনাকালে মানুষকে সেবা দেয়া ছাত্রনেতা আরিয়ানের অকাল মৃত্যু

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: করোনাকালে রাজশাহী অঞ্চলে প্রাণঘাতী করোনাভাইরাসের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন বাঁচাতে যিনি ছিলেন সামনের সারিতে, সেই উদীয়মান ছাত্রনেতা ও শহীদ জামিল ব্রিগেডের সম্মুখযোদ্ধা আরিয়ান (২৫) আর নেই।

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরিয়ান বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী নিউ (গভ:) ডিগ্রি কলেজ শাখার নেতা ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান,  বুধবার বাদ এশা নগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হেতেম খাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

২০২০ সালে বিশ্বজুড়ে যখন করোনা মহামারীর ভয়াবহতা, তখন রাজশাহী জেলা ও মহানগর অঞ্চলে অসহায় ও সাধারণ মানুষের বিনামূল্যে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছিল ‘শহীদ জামিল ব্রিগেড’। সেই চরম সংকটময় সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সাধারণ মানুষকে সেবা দিয়েছেন তরুণ এই ছাত্রনেতা।

বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেয়া কিংবা আক্রান্তদের হাসপাতালে চিকিৎসাসেবা সুনিশ্চিত করার মতো মানবিক কাজে একজন সম্মুখযোদ্ধা হিসেবে তিনি আত্মনিয়োগ করেছিলেন। মানবসেবায় তাঁর এই নিঃস্বার্থ অবদান রাজশাহী অঞ্চলে আজও স্মরণীয়।

মানুষের জন্য নিবেদিত প্রাণ এই উদীয়মান ছাত্রনেতার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।

এক যৌথ শোক বার্তায় দলের মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু এবং সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু আরিয়ানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোনালী/জগদীশ রবিদাস