পুঠিয়ায় পৌর স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান
পুঠিয়া প্রতিনিধি: পরিচ্ছন্ন ও সুন্দর পুঠিয়া গড়ার প্রত্যয়ে পুঠিয়া পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন করেন।
আয়োজকেরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে গেলে পুঠিয়াকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
পৌর প্রশাসক শিবু দাশ বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়। নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উদ্যোগ থাকবে।











