ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

চারঘাটের চুরি মামলায় ২ জন গ্রেপ্তার, মিটার উদ্ধার

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:50 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট থানায় দায়ের করা চুরি মামলার তদন্তে পাবনার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্লাস জব্দ করা হয়। গতকাল শনিবার চারঘাট সার্কেলের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল ঈশ্বরদী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া (বাজার) এলাকার উত্তম মালীর ছেলে উজ্জল মালী (২৪) এবং আরামবাড়ীয়া (মধ্যপাড়া) এলাকার মো. তোফাজ্জল হোসেন অলিফের ছেলে মো. উল্লাস মালিথা (২২)।

পুলিশ জানায়, চারঘাট থানার মামলা নং-৩, তারিখ ৯ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারায় দায়ের করা চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই দুজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্লাস জব্দ করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মাহাবুবুর রহমান বলেন, চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই বৈদ্যুতিক মিটারসহ চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্লাস জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, চুরি ও অন্যান্য অপরাধ দমনে চারঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুইজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।