ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

বাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দকরে ধ্বংস

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:49 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ভবানীগঞ্জ তাহেরপুর পৌর এলাকার বারনই ও রানী নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ এই জালগুলো জব্দকরে ধ্বংস করেন।

জানা গেছে, সম্প্রতি ভবানীগঞ্জ পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া রানী নদী ও তাহেরপুর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া বারানই নদীতে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে বিভিন্ন জাতের প্রাকৃতিক পোনা মাছ ধরে মৎস্য সম্পদ ও জলজ প্রাণী ধ্বংস করে আসছিলেন। এই ঘটনায় স্থানীয় লোকজন উপজেলা মৎস্য অফিসে অভিযোগ দেন। বিষয়টি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী ভূমি কমিশনারকে অবহিত করা হয়।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান ও কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বাগমারা থানার পূর্বপাশে বারানই ও রানী নদী সংযোগস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৫৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করেন।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে তাদের জাল ফেলে রেখে আগেই পালিয়ে যায়। জব্দ করা জালগুলো মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ হওয়ায় সেগুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।