ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উদযাপনে সাধারণ সভা

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আইএইচটি রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মেজবা-উল-হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, প্রতিষ্ঠানের শিক্ষক রাশিদুল হাসান রাসেল, প্রভাষক মিজানুর রহমান মিলন, শিক্ষক মিনহাজুল ইসলাম, ফার্মাসিস্ট সাইদুর রহমান এবং আইএইচটি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক আব্দুর রফ চৌধুরী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, শিক্ষানগরী ও পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহীর যে সুনাম রয়েছে, তা অক্ষুণ্ন রেখে আরও আধুনিক ও বাসযোগ্য নগরী গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম ইতিমধ্যে এগিয়ে চলেছে। তরুণদের খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।

সভা শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে প্রধান পৃষ্ঠপোষক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মেজবা-উল-হাসান খানকে আহ্বায়ক করে আইএইচটির ৫০ বছর পূর্তির ‘সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’ ঘোষণা করা হয়। কমিটিতে মাহফুজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মামুন অর রশিদকে সদস্য সচিব এবং ওয়াসিম কুমার ঘোষকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। গঠিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপ নিয়ে সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।