ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

সার পাচারের দায়ে পবায় ডিলারকে জরিমানা

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: কৃষকের জমিতে পৌঁছানোর কথা সরকারি বরাদ্দের সার। অথচ সেই সার কৃষকের হাতে না দিয়ে অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারের এক ডিলারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তা বিভিন্ন রাসায়নিক সার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি সার নির্ধারিত ব্যবস্থার বাইরে সরিয়ে নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ডিলার সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান বাজারের মেসার্স সাইদুর ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সরকারি সার কিনতে গিয়ে তাঁরা নানা সমস্যার মুখে পড়ছিলেন। প্রয়োজনের সময় ডিলারের কাছে সার না পেয়ে অনেক কৃষককে অন্য জায়গা থেকে তুলনামূলক বেশি দামে সার কিনতে হয়েছে। এতে বেড়েছে উৎপাদন ব্যয়। সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে সরকারি বরাদ্দের সার অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগ সামনে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কৃষকেরা টিএসপি ও অন্যান্য রাসায়নিক সারসহ ১২ বস্তা সার আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও ইবনুল আবেদীন ঘটনাস্থলে গিয়ে সারগুলোর মজুত, সংরক্ষণ ও সরবরাহের বিষয়ে খোঁজ নেন। অভিযানে সরকারি বরাদ্দের সার নির্ধারিত ব্যবস্থার বাইরে সরিয়ে নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেয়া হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, কৃষকের জন্য বরাদ্দ সরকারি সার কোনোভাবেই অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেয়া বা নির্ধারিত ব্যবস্থার বাইরে বিক্রি করা যাবে না। সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ডিলারদের মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে।

স্থানীয় কৃষকেরা বলেন, সরকারি সার বিতরণে অনিয়ম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা। তাঁদের অনেকেরই বেশি দামে সার কেনার সামর্থ্য নেই। তাই সরকারি বরাদ্দের সার কৃষকের চাহিদা অনুযায়ী যথাসময়ে বিতরণ এবং ডিলারদের মজুত ও বিক্রির হিসাব নিয়মিত তদারকির দাবি জানান তাঁরা।