রাজশাহীতে নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ
সোনালী ডেস্ক: রাজশাহী ও ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের এআইজি মামুন অর রশিদকে রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, রাজশাহীর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে। এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার পদায়নসহ একাধিক কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছিল।











