ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুদের সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার নগরীর মহিষবাথান এলাকায় কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রাজশাহী শিশু ও যুব উৎসব’-এর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রাজশাহী সিটি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ‘জাগো, এক হও, আলো ছড়াও: শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি’ শীর্ষক এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম সমন্বয় কার্যালয়ের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদের, বোয়ালিয়া ইউনিট মেট্রো থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এমন উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শিশুদের অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে।

শিশু ও যুবকদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সমৃদ্ধ দেশ গড়তে হলে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই সরকার শিক্ষাকে অবৈতনিক করেছে, কারণ শিক্ষা মানুষের জীবন পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার।

তিনি আরও উল্লেখ করেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিশুদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

দিনব্যাপী এই উৎসবে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, নেতৃত্ব বিকাশ, মাদক প্রতিরোধ ও ভবিষ্যৎ ক্যারিয়ার সংক্রান্ত নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসবের অংশ হিসেবে “শিশু ও যুববান্ধব বাংলাদেশ গঠনে যুব নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দল হিসেবে অংশগ্রহণকারী ‘রাজশাহী সিটি সেভেন চিলড্রেন ফোরাম’ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ‘রাজশাহী সিটি সেভেন ইউথ ফোরাম’-ও প্রতিদ্বন্দ্বিতা করে।

সভাপতির বক্তব্যে লোটাস চিসিম বলেন, শিশু ও যুবদের মতামত, নেতৃত্ব ও অংশগ্রহণকে আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, দিনব্যাপী এই উৎসবে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড থেকে মোট ১০০ জন শিশু ও যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।