ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে হাতাহাতির পর রিকশাচালকের মৃত্যু হত্যা মামলা দায়ের

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মালোপাড়া এলাকায় রিকশা রাখা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির পর পলাশ (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত পলাশ নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রিকশাচালক পলাশ রক্তচাপ মাপার জন্য মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। সেখানে রিকশা রাখার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হলে পাশের ‘সীমান্ত হোমিও হল’-এর মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অসুস্থ অবস্থায় পলাশকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, এ ঘটনায় নিহত রিকশাচালকের পরিবার থেকে হোমিও হলের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে এজাহার দেয়া হলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।