ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, রাবি শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষার সুযোগ পেয়েও আর্থিক অনিশ্চয়তায় পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। সাক্ষাৎকালে তার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (থিসিস)-এর শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান সম্প্রতি সুইডেনের স্কোভডে বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি (স্কলারশিপ) অর্জন করেন। কিন্তু বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসন ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুলের পাশে প্রধানমন্ত্রীর এই সহায়তা তার উচ্চশিক্ষার পথ সুগম করল।

আর্থিক সহযোগিতা পেয়ে অনুভূতি প্রকাশ করে নাজমুল হাসান বলেন, একজন সত্যিকারের নেতা সবসময় তাঁর কর্মীদের মূল্যায়ন করেন। তিনি আমাকে শিক্ষা শেষে দেশে ফিরে এসে দেশসেবা করার নির্দেশ দিয়েছেন। আমি আমার বাবার সঙ্গে আমাদের নেতার করমর্দনের স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দিত।