ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে তরিকুল হত্যায় ৪ জনের যাবজ্জীবন

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:08 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ এরই মধ্যে মারা গেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ বলেন, মামলায় অভিযুক্ত ১৪ আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষনা করেন।