ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

দুই বছরের মধ্যেই আরও সবুজ হবে রাজশাহী: রাসিক প্রশাসক

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানিয়েছেন, নগরজুড়ে আড়াই লাখ গাছের চারা রোপণের কাজ চলমান রয়েছে এবং আগামী দুই বছরের মধ্যেই রাজশাহী মহানগরী আরও সবুজ হয়ে উঠবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাসিকের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রমের (প্রকল্প শিকড়) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ৩০টি ওয়ার্ডজুড়ে এ কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির গুরুত্ব তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ৩১ দফা রূপরেখার বহু প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। এর পাশাপাশি আমরা পরিবেশ সুরক্ষায় জোর দিয়েছি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর যৌথ প্রচেষ্টায় রাজশাহী সবুজায়নের এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এদিকে, একই দিন বিকেলে নগরীর ১৮নং ওয়ার্ডের সামাজিক ও ধর্মীয় অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ পরিদর্শন করেন রাসিক প্রশাসক। জুমার নামাজ আদায় শেষে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং মসজিদের সংস্কার, অজুখানা নির্মাণ ও পুকুরপাড় বাঁধাইসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। পাশাপাশি ঈদগাহের সীমানা প্রাচীর, গেট, ওয়াকওয়ে, শেড নির্মাণ ও মাটি ভরাটের প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেখানে পরিবেশের সৌন্দর্য রক্ষায় একটি নিম গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি ও শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শুক্রবার বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মেডিকেল টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমটিএবি)-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। সভায় পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাতকালে এমটিএবি-এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব মামুনুর রশীদ, রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।