টানা বৃষ্টিতে রাজশাহীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী
স্টাফ রিপোর্টার: কয়েকদিনের টানা বৃষ্টির অজুহাতে রাজশাহীর পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতি কেজি সবজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দরবৃদ্ধি ঘটেছে। মূলত বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়াকেই এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
নগরীর মাস্টারপাড়া ও খড়খড়ি পাইকারি বাজারে সবজির দাম কিছুটা বাড়লেও এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা পর্যায়ে সবজি বিক্রি হচ্ছে আরও চড়া দামে। গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, বেগুন, কাঁকরোল, টমেটো ও চিচিঙ্গাসহ প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও বেগুন।
শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ থেকে ৩০০ টাকা এবং বেগুন ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৬০ টাকা ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।
বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতারা জানান, টানা বর্ষণের কারণে খেত থেকে ফসল তুলতে সমস্যা হচ্ছে। ফলে পাইকারি বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমে গেছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে বলে আশা করছেন তারা। এদিকে কোনো পূর্বাবাস ছাড়াই হঠাৎ সবজির দাম এমন উর্ধমুখী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারের এই পরিস্থিতিতে অনেকেই কেনাকাটার পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন বলে জানান ভোক্তা সাধারণ।











