ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

নগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি করতে চান মালিক ও চালকরা

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি করতে চান মালিক ও চালকরা। দূরত্ব অনুযায়ী ৩ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে রাজশাহী সিটি করপোরেশনকে। রাসিকের অনুমোদন পেলে এই মাসের মাঝামাঝি থেকেই বাড়বে ব্যাটারিচালিত অটোরিক্সা ভাড়া।

শুক্রবার নগরীর শিরোইল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশাভ্যান অটোচালক দল। সভায় সভাপতিত্ব করেন রিকশাভ্যান অটোচালকদলের আহ্বায়ক মাইনুল হক মানা।

তিনি বলেন, আমরা সিটি করপোরেশনের প্রশাসক, সচিব ও রাজস্ব বিভাগের সঙ্গে আলোচনা করেছি। এছাড়াও ভাড়া বৃদ্ধির দাবিতে তাদের স্মারকলিপিও দেওয়া হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরাও তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

তিনি বলেন, আমরা এই নগরীর সন্তান। অতিরিক্ত ভাড়া বাড়িয়ে কারও কাছে বোঝা তৈরি করতে চায় না। আমাদের যাত্রীরা হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষরা। দীর্ঘ ১৬ বছর থেকে একই ভাড়া চলে আসছে। আমরা দূরের ভাড়া অপরিবর্তিত রাখছি। শুধু ৫ টাকার ভাড়া ৮ টাকা আর ১০ টাকা করা হচ্ছে। এছাড়াও যেসব যায়গায় ১২ টাকা ভাড়া ছিল তা ১৫ টাকা করা হচ্ছে।

এছাড়াও কিছু রাস্তায় ১৫ টাকার ভাড়া ২০ টাকা ২০ টাকার ভাড়া ২৫ টাকা করা হবে। তিনি আরও বলেন, কিন্তু কেউ যদি এক কিলোমিটারের মধ্যে নেমে যায় সে ৫ টাকা ভাড়া দেবে। সাহেববাজার থেকে কেউ যদি জাদুঘর মোড় বা ফায়ার সার্ভিস ও ঘোষপাড়া মোড়ে নেমে যান তাহলে ৫টাকা দেবেন। আমরা এক কিলোমিটারের মধ্যে ৫ টাকা নেব দুই কিলোমিটার হলে ৮ টাকা নেব। তবে কারও উপরে জুলুম করে ভাড়া আদায় করবো না। এর আগে সকল যাত্রীকে আমরা জানিয়ে দেব ভাড়া বৃদ্ধির কথা। সিটি করপোরেশন যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তারাও প্রচারণা চালাবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রিকশাভ্যান অটোচালক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোপাল কুমার বাবুল, আলম হোসেন, মিনারুল ইসলাম ও বাদশা রাশেল অনু প্রমুখ।