ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৫৫ অপরাহ্ন

জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিক্ষার্থী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পদ্মপুকুরের সামনে থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২৬) পবা উপজেলার মাধাইপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, মেহেদী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আসছিলেন। তাঁকে আটকের পর মোবাইল ফোন তল্লাশি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকার আলামত মেলে। পরে তাঁকে বোয়ালিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, আসামিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।