ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চার হাজার ৬৯০ প্যাকেট (৫৬ হাজার ৯০০ শলাকা) অবৈধ সিগারেট উদ্ধার করেছে র‌্যাব-৫।

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সদর কোম্পানির একটি দল প্রথমে বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড়ে এস এ পরিবহন প্রাঙ্গণে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার প্যাকেট লাকি স্ট্রাইক ও ২৭০০ প্যাকেট স্টার সিগারেট উদ্ধার করা হয়।

পরে রাত ৯টা ২০ মিনিটে পুঠিয়া থানার বানেশ্বর বাজারে একই পরিবহন সংস্থার সামনে হাইওয়ে রাস্তার পাশ থেকে আরও ৯৯০ প্যাকেট স্টার সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের কোনো মালিক না পাওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো জিডিমূলে বোয়ালিয়া ও পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।