ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে খামারের বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 10:00 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় মুরগির খামারে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে সিহাব আলী (৫৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় খামার মালিকের বিরুদ্ধে লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিহত সিহাব আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ছফের প্রামানিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আসলাম হোসেন (৫৫) তাঁর মুরগির খামারে শিয়াল, বেজি ও চোরের উপদ্রব ঠেকাতে চারপাশ দিয়ে জিআই তারের বেড়া দেন। তবে নিরাপত্তার নামে তিনি ওই বেড়াতে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সিহাব আলী নিজ বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে খামার মালিকের ছেলে রায়হান আলী খামারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে যান। এ সময় তিনি খামারের উত্তর পাশে বিদ্যুতায়িত জিআই তারের সাথে জড়ানো অবস্থায় সিহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার পর নিহত সিহাব আলীর ছেলে সোহান আলী বাদী হয়ে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খামার মালিক আসলাম হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করেছে লালপুর থানা পুলিশ।