ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

স্বামীকে বাঁচাতে স্ত্রীর ঝাঁপ, পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু

  • আপডেট: Sunday, July 26, 2026 - 10:19 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাবার বাড়িতে বেড়াতে এসে খাড়ির পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন নবদম্পতি।

স্বামীকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন স্ত্রী। শেষ পর্যন্ত দুজনকেই প্রাণ দিতে হয়। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন  আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা।

নিহতরা হলেন উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়া (১৬) এবং তার স্বামী নুর ইসলাম (২০)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬/৭ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথমবারের মতো গত ২৫শে জুলাই শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন নুর ইসলাম। গতকাল রোববার দুপুরে সুমাইয়ার বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের কয়েকজন কিশোরকে গোসল করতে দেখে নুর ইসলামও গোসল করার জন্য পানিতে ঝাঁপ দেন।

একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে আর ওপরে উঠতে পারেননি। স্বামীকে ডুবে যেতে দেখে সুমাইয়া কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য তিনিও পানিতে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার না জানায় গভীর পানির কারণে তিনিও ডুবে যান। দুজনকে পানির নিচে থেকে প্রাণপণে ভেসে ওঠার চেষ্টা করতে দেখে আশপাশের লোকজন দ্রুত খাড়িতে নেমে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর নবদম্পতিকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। লাশের সুরুতহাল রিপোর্ট করে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।