ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:25 pm

নওগাঁ ব্যুরো: নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯ টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে তিনি একাই থাকতেন।

শুক্রবার রাতে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এ কারণে শনিবার সকাল সাড়ে ৭ টায় তার মামা ছাত্রাবাসে এসে দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সেখানে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।