রাজশাহীতে এক বছরে ১৬৯ সড়ক দূর্ঘটনায় ১৬০ জনের প্রাণহানি
স্টাফ রিপোর্টার: রাজশাহীর সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। এক বছরে মহানগর ও জেলায় ১৬৯টি সড়ক দূর্ঘটনায় ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১৬৯টি। রাজশাহীতে ৮৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ২৮৮ কিলোমিটার জেলা সড়ক রয়েছে। সড়কের পরিমাণের তুলনায় যানবাহনের সংখ্যা দ্রুত বাড়লেও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সেই হারে উন্নত হয়নি। এতেই একের পর এক প্রাণঘাতি দুর্ঘটনা, স্বজন হারানোর আর্তনাদ এবং ক্ষুব্ধ জনতার বিক্ষোভ-সব মিলিয়ে সড়ক নিরাপত্তা এখন রাজশাহীর অন্যতম বড় উদ্বেগের বিষয়।
সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স নেই। অনেক যানবাহনের ফিটনেসের মেয়াদও শেষ হয়ে গেছে। অন্যদিকে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও ধীরগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
গত ৫ মে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় একটি ডাম্প ট্রাকের ধাক্কায় এক দোকানি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। চলতি বছরের ১ জানুয়ারি একই মহাসড়কের ঝলমলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রাক বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। ব্যস্ত বাজারে এমন মর্মান্তিক দুর্ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। এর মাত্র কয়েক সপ্তাহ পর, ২৬ জানুয়ারি বেলপুকুর এলাকায় একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনজন। বছরের শুরু থেকেই ধারাবাহিক এসব দুর্ঘটনা রাজশাহীর সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ উল্লেখ করে ‘নিরাপদ সড়ক চাই’ রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ গণমাধ্যমকে বলেন, যেখানে প্রশস্ত সড়ক প্রয়োজন, সেখানে এখনো পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। যেসব স্থানে বেশি দুর্ঘটনা ঘটে, সেগুলোর অধিকাংশই এক লেনের সড়ক। এছাড়া চালকদের অসাবধানতা এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়াও দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো সচেতনতার অভাব। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়াতে পারলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। সরকারের কার্যকর উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক বিভাগের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে দেশে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
তবে পুলিশের পরিসংখ্যান বলছে, শুধু ট্রাক বা ড্রাম ট্রাক নয়, মোটরসাইকেল দুর্ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইন অমান্য, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং দুর্বল তদারকির কারণেই প্রতিনিয়ত ঝরছে প্রাণ।
রাজশাহী জেলা পুলিশ ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে জেলায় ১৩৫টি এবং মহানগরে ৩৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৯টি মামলা দায়ের হয়েছে। পুলিশের পরিসংখ্যানে আরও দেখা যায়, মোট দুর্ঘটনার প্রায় অর্ধেকই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এছাড়া প্রায় ৪০টি দুর্ঘটনা ঘটেছে ট্রাক বা ডাম্প ট্রাকের কারণে। ফলে দুর্ঘটনার জন্য কেবল একটি নির্দিষ্ট যানবাহনকে দায়ী না করে সামগ্রিক সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার দাবি উঠছে।
রাজশাহী মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, নগরীতে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ সাধারণ মানুষের পর্যাপ্ত সচেতনতার অভাব। পাশাপাশি অনেক চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন চালাচ্ছেন। ফলে ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনতার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নগরবাসীকে সচেতন করতে নিয়মিত বিভিন্ন কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মোটরসাইকেল, ডাম্প ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের সম্পৃক্ততায় সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী- উভয়ের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব আমরা গুরুত্ব দেই।











