ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী হার্ট ফাউন্ডেশনের বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শুরু

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহীর উদ্যোগে ৩ থেকে ১৮ বছর বয়সি শিশুদের জন্মগত হৃদরোগ সনাক্তে তিন দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।

বুধবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এই ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। প্রথমদিনেই ৯১১ শিশুর মধ্যে ৫ জনের জন্মগত জটিল হৃদরোগ সনাক্ত করা হয়েছে। এর আগে সকালে হাসপাতালে আসেন চীনের ৬ সদস্যের একটি আন্তর্জাতিক পেডিয়াট্রিক কার্ডিওলজি টিম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালকসহ ৮জন খ্যাতিমান পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। হাসপাতালের প্রধান ফটকে তাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ক্যাম্পে শিশুদের হৃদরোগ সনাক্তে পর্যবেক্ষণ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান বলেন, প্রথমদিনেই ৯১১ জন শিশুর হৃদরোগ নির্ণয়ে পরীক্ষা করা হয়েছে। লক্ষণ বিবেচনায় এদের মধ্যে ৮৭ জনের ইকো করানো হয়। সকলের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ জন শিশুর জন্মগত হৃদরোগ আক্রান্ত সনাক্ত হয়। তিনি বলেন, ওই ৫ শিশুর জটিল হৃদরোগ ধরা পড়েছে। তাদের মধ্যে ৪ জনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হবে। আর একজনকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাসেবা দেয়া হবে। এদের মধ্যে কোনো শিশুর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে চীনে নিয়ে যাওয়া হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন বলেন, হৃদরোগ সনাক্ত ওই ৫ শিশুর পরিবার জানতই না যে, তাদের শিশুটি জন্মগত রোগে আক্রান্ত। পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে পরিবারকে অবহিত করা হয়। প্রথমদিনেই আমাদের সফলতাই সবাই আনন্দিত। কেন না আমাদের এই ক্ষুদ্র পরিসরে প্রচেষ্টায় কোমলমতি শিশুদের হৃদরোগ সনাক্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের বিনামূল্যে প্রয়োজনীয় সকল চিকিৎসাসেবাও দেয়া হবে।

তিনদিনব্যাপী চলা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮শ’ এর বেশি শিশু নিবন্ধন করেছেন। এছাড়াও আরো দেড়শো অস্বচ্ছল পরিবারের শিশুকেও ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের আওতায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৫শ’ শিশু নির্ধারিত সময়ে ক্যাম্পে চিকিৎসা নিবে। আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে শিশুদের জন্মগত হৃদরোগে আক্রান্ত সনাক্তের এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প।